গণদাবির বিপক্ষে অবস্থান নিলে পুলিশকে চরম মূল্য দিতে হবে: নিতাই রায় চৌধুরী

দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা। গতকাল বিকেলে নগরের কে ডি ঘোষ সড়কে
ছবি: সাদ্দাম হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে বাকশালি পন্থায় দেশ পরিচালনা করছে। আপাদমস্তক দুর্নীতিবাজ সরকারকে আর এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। সারা দেশে আন্দোলনের যে ঢেউ উঠেছে, সে ঢেউয়ে সরকার ভেসে যাবে।

গতকাল রোববার বিকেলে খুলনায় এক সমাবেশে নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচির আগে নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশের পর দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয় এবং কেসিসি মার্কেট মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি এই কর্মসূচি পালন করছে।

সমাবেশে পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমি সাবধান করে দিচ্ছি, শেষবেলায় এসে আপনারা এই সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে ফিরে আসুন। বিএনপি জনগণের পক্ষে কথা বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছে, জনগণের ভোটাধিকারের কথা বলছে। আপনারা (পুলিশ প্রশাসন) যদি গণদাবির বিপক্ষে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে।’

নিতাই রায় চৌধুরী আরও বলেন, সরকার জনগণের ভোটের যে অধিকার, বিচার পাওয়ার যে অধিকার, প্রশাসনের কাছ থেকে সাহায্য পাওয়ার যে অধিকার—সবকিছুকে বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনা সাধারণ মানুষের দাবি বন্দুকের নলে বন্ধ করতে চান। তবে হামলা, মামলা, নির্যাতন চালিয়ে আন্দোলনের ঢেউ ঠেকানো যাবে না।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম ওরফে মনার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী। তিনি বলেন, বর্তমান সরকার ভালো মানুষের মুখোশ পরে দেশ পরিচালনা করছে, মূলত তারা রাষ্ট্রদ্রোহী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন, আর কোনো শান্তি সমাবেশ করবেন না; তাঁরা প্রতিহত করবেন। তাঁর নির্দেশেই খুলনাসহ সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। হাজার হাজার বিএনপির নেতা-কর্মীকে আহত করা হচ্ছে।

আজিজুল বারী পুলিশের উদ্দেশে বলেন, ‘এ দেশ আমাদের, এ দেশে কথা বলার অধিকার আমাদের আছে। কিন্তু খুলনার কিছুসংখ্যক পুলিশ বেশি আওয়ামী লীগ হয়ে কর্মসূচিতে বাধা দিচ্ছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তবে পিঠ দেয়ালে ঠেকে গেলে পরিণাম শুভ হবে না।’

মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম ওরফে তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান, বিএনপি নেতা খান জুলফিকার আলী, স ম আবদুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম, আবুল কালাম, মোল্লা মোশাররফ হোসেন প্রমুখ।