সড়ক থেকে উদ্ধার করা ইয়াবা
সড়ক থেকে উদ্ধার করা ইয়াবা

সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে–ছিটিয়ে ইয়াবা, পরে কিছু উদ্ধার

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল শত শত ইয়াবা বড়ি। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ইয়াবার গুঁড়া ছড়িয়ে পড়ে সড়কের পিচের রংও হলুদাভ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিছু ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। এর বেশির ভাগই ভাঙাচোরা অবস্থায় ছিল। এগুলোর পরিমাণ সর্বোচ্চ তিন হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে এবং কী কারণে সেগুলো সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নুনাছড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ইয়াবার বড়িগুলো যানবাহনের চাকায় পিষ্ট হতে দেখেন তাঁরা। সাধারণত ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পাচারের খবর শোনা যায়। কিন্তু এবার চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু ইয়াবা পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সড়কে ছিটিয়ে থাকা ইয়াবা

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইয়াবাগুলো কে বা কারা ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পুলিশি তৎপরতার আশঙ্কায় সেগুলো ফেলে যেতে পারে। আবার চলন্ত কোনো যানবাহন থেকে পড়ে যাওয়ার ঘটনাও হতে পারে। তবে ইয়াবার পরিমাণ কত হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হবে।