লাশ
লাশ

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীসহ তাঁর পরিবারের ছয়জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারীর মা মোসা. রুনা বেগম।

ওই নারীর নাম সুমাইয়া আক্তার (২০)। তাঁর বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে। শ্বশুরবাড়ি একই ইউনিয়নের সালামপুর গ্রামে।

পরিবার জানায়, গত বছর ৩০ অক্টোবর রিপন আলীর (২৩) সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রিপন আলী ও তাঁর পরিবারের লোকজন। গতকাল সোমবার রাতে সুমাইয়াকে তাঁর বাবার বাড়ি থেকে নিয়ে যান রিপন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রিপনের বাবা মাহাবুর রহমান সুমাইয়ার অসুস্থতার কথা বলে তাঁর মা রুনা বেগমকে বাড়িতে ডেকে নিয়ে যান। মা সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

লাশ উদ্ধারকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকল ১০টার দিকে রিপন আলীর বাড়িতে গিয়ে তাঁকেসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশের গলায় দাগ ও বাঁ চোয়ালের নিচে আঘাতের চিহ্ন আছে। লাশটি বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় ছিল।