যান্ত্রিক ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২ দিন ধরে বন্ধ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মিত বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে। গত শনিবার রাতে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর আজ সোমবার দুপুর পর্যন্ত পুনঃউৎপাদনে যেতে পারেনি কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র।

বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ–ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, খুব দ্রুত আবারও উৎপাদন শুরু করা যাবে।’

এর আগে আমদানি জটিলতায় কয়লার অভাবে গত ১৪ জানুয়ারি একবার উৎপাদন বন্ধ হয়েছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রের। এবার হঠাৎ আবার উৎপাদন বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহে। এতে বাগেরহাটসহ এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।

বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রে কয়লার সংকট নেই জানিয়ে আনোয়ারুল আজিম বলেন, পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। আমদানি করা আরও কয়লা দ্রুততম সময়ের মধ্যে সমুদ্রপথে বিদ্যুৎকেন্দ্রে আসছে।

২০১০ সালের আগস্টে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ করপোরেশনের (এনটিপিসি) মধ্যে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা হয়। এর দুই বছর পর ২০১২ সালের ২৯ জানুয়ারি এনটিপিসির সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। বিআইএফপিসিএল কোম্পানির অধীন ১ হাজার ৩২০ মেগাওয়াটের ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ মূলত রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে পরিচিত। রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নে ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয়।

২০২২ সালের ৬ সেপ্টেম্বর ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে মৈত্রী পাওয়ার প্ল্যান্টের (৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার) ইউনিট-১ এর উদ্বোধন করেন। ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।