
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন থাকার পরও বিরোধী দল হিসেবে ১১-দলীয় জোট সংসদে অংশগ্রহণ করেছে। আমরা এই জায়গায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু আজ সরকারি দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে। এটা বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না।’ পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।
পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরের মুক্ত মঞ্চে আজ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সারজিস আলম।
এ সময় সারজিস আলম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। আমরা আজ দেখলাম, ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি-সমর্থিত একজন এমপি। ইভেন আপনারা দেখবেন যে আজ স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সীমাবদ্ধতাটা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে। এত দিন পর সেই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি দ্বারা শপথ পড়ে বিএনপি বা নতুন সরকার, তারা তাদের কার্যক্রম শুরু করল। আবার তারা আগের স্বৈরাচারী যে লেজ, সেই লেজ টেনে ধরে তারা এ সরকারের কার্যক্রম শুরু করল। যেটা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে।’
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ‘বর্তমান সরকারের উদ্দেশে একটা কথা বলতে চাই, আমরা, বাংলাদেশের জনগণ, শুধু বিরোধী দল না, পুরো বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য তাদের সমর্থক-শুভাকাঙ্ক্ষী গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। এর মানে হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে সংস্কার হতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে। এই কাজগুলোকে উপেক্ষা করে বিএনপি এবং এই সরকার যদি মনে করে তারা এই বাংলাদেশে জানগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, সরকারকে টিকিয়ে রাখতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে, এটা কখনোই সম্ভব না। যদি কোনো একটা দল তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, আবার ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ এবং আমরা বিরোধী দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।’