
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে জাহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের গলা, কবজি, পেটসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে।
নিহত জাহিদুল সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তবে সে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় বাস করত। এখলাস মিয়া পেশায় রিকশাচালক। তাঁর চার ছেলের মধ্যে তিন ছেলে নাজমুল ইসলাম, সায়মন ইসলাম ও জাহিদুল ইসলাম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মা-বাবার দোয়া নামের একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
জাহিদুলের পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ রমজান জাহিদুল ছুটিতে বাড়িতে আসে। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। গভীর রাত পর্যন্ত জাহিদুল বাড়ি না ফেরায় তার স্বজনেরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সুলতানপুর পূর্বপাড়ায় একটি পুকুরে জাহিদুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুলের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আজ দুপুরে জাহিদুলের বড় ভাই নাজমুল ইসলাম ও চাচা আফজাল হোসেন বলেন, জাহিদুলের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। জাহিদুল বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে থাকে। তার সঙ্গে কারও শত্রুতা থাকার কথাও নয়। কিন্তু জাহিদুলের ক্ষতবিক্ষত লাশ দেখে মনে হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাহিদুলের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, জাহিদুলকে গলাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে হত্যা করা হয়েছে। তার শরীরের ডান গাল, গলায়, বুক, পেট, ঊরু, কানের লতি ও কবজিতে জখম রয়েছে। নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। শরীরজুড়ে জখমের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।