
ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁদের মাইক্রোবাস থেকে নামিয়ে আটক করা হয়।
একই সঙ্গে ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের নামিয়ে ২০ থেকে ২৫টি মিনিবাস ও মাইক্রোবাস আটক করেছে ওই থানার পুলিশ। পরে নামিয়ে দেওয়া বিএনপির নেতা-কর্মীরা পায়ে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হন বলে অভিযোগ করেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সকালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের আটক করে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান, সহসভাপতি অনিক খান, নিশাত আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক শামীম খান।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ফরিদপুর ছাত্রদলের কোনো নেতা-কর্মীকে আটক করা হয়নি। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।