
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল বাছেদের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। শনিবার বিষয়টি জানার পরপরই পুলিশকে জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে।
মহিত তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য। আবদুল বাছেদ বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।
পিপি আবদুল বাছেদ আজ সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কেউ টাকাপয়সা চাইলে দেবেন না।’
জানতে চাইলে আবদুল বাছেদ প্রথম আলোকে বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আজ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান ছাড়াও বগুড়া আদালতের বিভিন্ন বিচারক, আইনজীবী, দলীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতাদের কাছে খুদে বার্তা পাঠিয়ে বিকাশে ১৫ থেকে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে। এটি প্রতারক চক্রের কাজ। বিভিন্নজন ফোন করে জানানোর পর বিষয়টি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানানো হয়েছে।’
সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে আজ বিকেল পাঁচটা থেকে আমার পরিচিত অন্তত ১০০ জনের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দাবি করেছে একটি প্রতারক চক্র। বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্নজনের কাছে মোবাইল নম্বরও টেক্সট করা হয়েছে। প্রতারণা বুঝতে পেরে অনেকেই বিষয়টি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’