
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে এক বাড়িতে ঢুকে লুলু আল মারজান (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ইউনিয়নের পশ্চিম পালংখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজান ওই এলাকার মৃত মমতাজ আহমদের স্ত্রী। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত মারজানের লাশ রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে মারজানের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে স্থানীয় মো. ইউসুফ নামের এক ব্যক্তি বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে মারজানকে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। একপর্যায়ে মারজানের গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। এ সময় ঘরে মারজানের এক মেয়ে ছাড়া কেউ ছিল না। গত ইউপি নির্বাচনে মারজান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে (সংরক্ষিত নারী ওয়ার্ড-৩) সদস্যপদে লড়েন, কিন্তু জিততে পারেননি। ওই সময় থেকে ইউসুফের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। দেড় বছর ধরে মারজান উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি বেসরকারি হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগের বিষয়ে একাধিকবার চেষ্টা করেও মো. ইউসুফের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ।
পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি র্যাব অস্ত্র মামলায় ইউসুফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। এপ্রিলের শেষ দিকে কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে ইউসুফ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছেন। ইউসুফের বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ ও ইয়াবার কারবারে জড়িত থাকার অভিযোগ আছে।