
চট্টগ্রামের আনোয়ারায় টাকার জন্য বঁটি হাতে নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ওই তরুণ অনলাইন গেমে আসক্ত বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।
অভিযুক্ত তরুণের নাম মো. জাবেদ (১৮)। তিনি ওই এলাকার কালা গাজীর বাড়ির মৃত মো. ইয়াকুবের ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে জাবেদ পরিবারের একমাত্র ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বঁটি হাতে জাবেদ মায়ের কাছে টাকা দাবি করেন। মা আত্মরক্ষার জন্য ওই বঁটি কেড়ে নিতে চাইলে জাবেদ মাকে বেশ কয়েকটি চড় দেন। ওই সময় ভীতসন্ত্রস্ত মা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে থাকেন, ‘ন মারিস, আঁই তোরে টেয়া দিউম।’ (মারিস না, তোকে আমি টাকা দেব।)
জাবেদের কয়েকজন প্রতিবেশী জানান, গতকাল বিকেলে এ ঘটনার সময় জাবেদের ১৪ বছর বয়সী ছোট বোন ভিডিওটি ধারণ করে। তার কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করে এলাকার কোনো এক ব্যক্তি সেটি অনলাইনে ছড়িয়ে দেন। এ ঘটনার পর বাড়িতে পুলিশ এলেও জাবেদের মা ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন তাঁরা।
প্রতিবেশীরা আরও জানান, জাবেদ দীর্ঘদিন ধরেই ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেমে আসক্ত। তিনি সারাক্ষণ গেম নিয়ে ব্যস্ত থাকেন। গেমের জন্য টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা ও বোনের ওপর চড়াও হতেন। এ ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মায়ের সঙ্গে কথা বলেছি। মুঠোফোনে গেম আসক্তির কারণে ঘটনাটি ঘটেছে। আমরা জাবেদকে আটকের চেষ্টা করছি।’