
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আজ সোমবার ভোরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, তিনি এলাকায় লোহার (রড) ব্যবসা করেন। তাঁর নিজের তিনতলা বাড়ির তৃতীয় তলায় তিনি থাকেন। আজ ভোর সোয়া চারটার দিকে ওই বাড়িতে পাঁচ–ছয়জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির দোতলার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। তিনতলায় এসে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। তিনি বাড়িতে একা ছিলেন। ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে দুই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা অনুসন্ধান করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’