
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভুট্টাখেত থেকে কিতাব আলী (৫০) নামের এক ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইসহাক মণ্ডলের ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কিতাব আলীকে কুপিয়ে হত্যা করে লাশটি ভুট্টাখেতে ফেলে গেছে।
নিহত কিতাব আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তবে তিনি প্রায় ৩০ বছর ধরে উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের স্কুলপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
কিতাব আলীর স্ত্রী রাবেয়া খাতুনের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গতকাল রাত নয়টার দিকে কিতাব আলী বাড়ি থেকে বের হন। এরপর সারা রাত তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ইসহাক মণ্ডলের ভুট্টাখেতে কিতাব আলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
এদিকে খবর পেয়ে পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান। মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজালাল বলেন, কিতাব আলী পেশায় ভ্যানচালক ছিলেন। তবে তিনি গোপনে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কিতাব আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদকসংক্রান্ত কোনো বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এদিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।