কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে কেটে বিক্রি হয় সেন্ট মার্টিনে ধরা পড়া পাঁচ মণ ওজনের বোল মাছ। আজ বিকেলে
কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে কেটে বিক্রি হয় সেন্ট মার্টিনে ধরা পড়া পাঁচ মণ ওজনের বোল মাছ। আজ বিকেলে

পাঁচ মণ ওজনের সেই বোল মাছটির বিক্রি এক ঘণ্টায় শেষ, কেজি ২ হাজার টাকা

সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় পাঁচ মণ ওজনের একটি বিশাল বোল মাছ টেকনাফে কেটে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি মাছ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। পুরো মাছটি বিক্রি করতে মাত্র এক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন বিক্রেতা।

মাছটির ওজন ছিল পাঁচ মণ পাঁচ কেজি (২০৫ কেজি)। কেটে প্রায় ২০০ কেজি পাওয়া যায়। এতে মোট বিক্রি হয়েছে প্রায় ৪ লাখ টাকা। মাছটি কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল ইসলাম। তাঁরা আগের দিন বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুছার আড়ত থেকে মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় কেনেন।

মৎস্যজীবী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের শীলেরকুম এলাকায় জাল ফেলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. নাছির ও কায়সার উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার। বিকেলে অন্যান্য মাছের সঙ্গে বিশাল বোল মাছটি জালে ধরা পড়ে। পরে ট্রলারের জেলেরা মাছটি নিয়ে টেকনাফ পৌরসভার লামার বাজারের আড়তে নিয়ে আসেন।

জেলেরা শুরুতে মাছটির দাম তিন লাখ টাকা হাঁকেন। পরে কয়েকজন ব্যবসায়ীর মধ্যে প্রতিযোগিতা শুরু হলে শেষ পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ১ হাজার ২৫০ টাকা।

এক ঘণ্টায় শেষ বিক্রি

আজ শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন বাজারে মাছটি কেটে বিক্রি করা হয়। বেলা দুইটার দিকে ছয়জন শ্রমিক রশি দিয়ে বাঁধা মাছটি কাঁধে করে বাজারে নিয়ে আসেন। এ সময় কয়েক শ মানুষ মাছটি দেখতে ভিড় করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাফর বলেন, প্রথমে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত ছিল। কিন্তু মানুষের আগ্রহ বেশি দেখে দাম বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়। তবু ক্রেতাদের মধ্যে কে আগে কিনবেন—এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পুরো মাছটি বিক্রি হয়ে যায়।

তিনি বলেন, মাছ বিক্রি করে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা লাভ হয়েছে। তবে শ্রমিক ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৪৫ হাজার টাকা বাদ দিলে লাভ প্রায় ১ লাখ টাকা থাকবে।

পাঁচ মণ ওজনের বোল মাছটি

টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ সিরাজ ৮০ হাজার টাকায় এক মণ (৪০ কেজি) বোল মাছ কিনেছেন। তিনি বলেন, ‘বোল মাছ খুব সুস্বাদু। সব সময় পাওয়া যায় না, আবার এত বড় মাছও খুব কম ধরা পড়ে। তাই একসঙ্গে এক মণ কিনেছি। আমরা খাব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও দেব।’

পৌরসভার ডেইলপাড়ার ব্যবসায়ী কামাল উদ্দিন পাঁচ কেজি মাছ কিনেছেন। তিনি বলেন, ‘বোল মাছের স্বাদ অন্য রকম। রাতে মাইকিং শুনে পাঁচ কেজি কেনার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁর ভাষ্য, টেকনাফে বড় বোল মাছ প্রতি কেজি ২ হাজার টাকায় বিক্রির আগেও নজির রয়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, এত বড় বোল মাছ খুব কমই জালে ধরা পড়ে। সেন্ট মার্টিনের প্রবাল ও পাথুরে এলাকায় এ মাছের বিচরণ বেশি। অনুকূল পরিবেশে বোল মাছের ওজন ৯–১০ মণ পর্যন্তও হতে পারে। মাছটি খেতেও বেশ সুস্বাদু।