
সিলেটে স্বর্ণালংকারের একটি দোকানের এক কর্মচারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরের জিন্দাবাজার এলাকার নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক ওই তরুণের নাম মুশফিকুর রহমান ওরফে তানভির (২২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার বাসিন্দা। সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক বাদী হয়ে মুশফিকুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন।
আটক মুশফিকুরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, টাকার অভাবে ওই তরুণ স্বর্ণের দোকানে ঢুকে এমন কাণ্ড ঘটান। ইউটিউবে স্বর্ণের দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের ভিডিও দেখে তিনি এমন পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেননি।
পুলিশ ও স্বর্ণের দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে নগরের জিন্দাবাজার এলাকার হাজারী বিপণিবিতানের নিউ সিলেট ভেনাস জুয়েলার্সে যান মুশফিকুর। এ সময় তাঁর মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে দোকানে থাকা এক ব্যক্তির কাছে তিনি স্বর্ণালংকার দেখতে চান। এ সময় মুশফিকুর মরিচের গুঁড়া-জাতীয় কিছু ছিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দোকানে থাকা ব্যক্তির চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও বাইরের অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এগিয়ে এসে মুশফিকুরকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মুশফিকুর রহমান নামের ওই তরুণ। এ সময় মরিচের গুঁড়া ছিটান তিনি। কিন্তু প্রতিষ্ঠানের কর্মচারী হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ায় সেগুলো চোখে লাগেনি। মুশফিকুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মামলায় মুশফিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।