রাজশাহীতে সুদের কারবারির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

রাজশাহীতে সুদের কারবারির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শনিবার বিকেলে নগরের কেদুর মোড়ে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে স্থানীয় পর্যায়ে ঋণ নিয়ে সুদের টাকা দিতে গিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় নেমেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার সন্ধ্যার আগে নগরের কেদুর মোড় এলাকায় সুদের কারবারির বিরুদ্ধে মানববন্ধন করেন তাঁরা।

ভুক্তভোগী ব্যক্তিরা ওই সুদের কারবারির বিরুদ্ধে চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, সুদের কারবারি তাঁদের কাছ থেকে ফাঁকা ব্যাংক চেক নিয়ে, সেটি আটকে রেখে টাকা নিচ্ছেন। একজনের বিরুদ্ধে ওই সুদের কারবারি মামলাও করেছেন।

মানববন্ধনে দাঁড়িয়ে নগরের হাদির মোড় এলাকার রুবিনা বেগম ওই সুদের কারবারির কাছ থেকে বাঁচানোর আকুতি জানান। একইভাবে কেদুর মোড় এলাকার কোহিনুর বেগম, বেলি বেগম, কমেলা বেগম, সেলিনা বেগমসহ অন্তত ১০ নারী এমন আরজি জানিয়েছেন।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, বিভিন্ন সময়ে বিপদে পড়ে কেদুর মোড় এলাকার মোহনা মাহির নামের এক নারীর কাছ থেকে তাঁরা ঋণ নিয়েছিলেন। সপ্তাহে হাজারে তাঁদের এ জন্য ২০০ টাকা সুদ দিতে হয়। টাকা দেওয়া হয় ফাঁকা চেকের বিনিময়ে। টাকা নেওয়ার পরের সপ্তাহে সুদ দেওয়া শুরু করতে হয়। টাকা পরিশোধ না করতে পারলে চক্রবৃদ্ধি হারে সুদ যুক্ত হতে থাকে। এভাবে লাখ টাকার ওপরে সুদ দিতে হয়েছে তাঁদের। তবু ফাঁকা চেকের মামলার ভয় দেখিয়ে তিনি টাকা চেয়েই যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে মোহনা মাহি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তারা ফাঁকা চেক দিয়ে টাকা নিয়েছেন। এখন টাকা চাইতে গেলে গালাগালি করছেন। বাড়িতে লোকজন নিয়ে আসছেন। কেউ টাকা দিচ্ছেন না, অথচ তাঁরা চেক জমা দিয়ে টাকা নিয়েছেন। এলাকার লোকজনের বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তাঁদের টাকা দিয়ে এখন তিনি বিপদে আছেন। কত শতাংশ হারে সুদ নেওয়া হচ্ছে, ফাঁকা চেক কেন নেওয়া হচ্ছে—এ ব্যাপারে প্রশ্ন করতেই তিনি কল কেটে দেন। পরে মুঠোফোন বন্ধ করে দেন।

এ বিষয়ে স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী বলেন, সুদের কারবারির বিরুদ্ধে মানববন্ধনের কথা শুনেছেন। এত চড়া মূল্যে সুদ পরিশোধের বিষয়টি দুঃখের। তাঁর কাছে এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।