চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত

লাশ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪০)। তিনি সুন্দরপর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দীনের ছেলে। নিহতের ছেলে মো. সাকিল ও সদর থানার পরিদর্শক (তদন্ত)মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নানা বিষয় নিয়ে নারায়ণপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমীনের সঙ্গে ও একই ওয়ার্ডের সাবেক সদস্য মো. আজিমের বিরোধ চলছে। আজ দুপুর থেকে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বেলা সাড়ে তিনটার দিকে ককটেল বিস্ফোরণে মারা যান জিয়ারুল। জিয়ারুল মো. আজিমের দলের লোক। ইউপি নির্বাচনের সময় থেকে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি নদী থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজির উদ্দিন জানান, বিকেল সাড়ে চারটার দিকে জিয়ারুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। বিস্ফোরণে তাঁর কোমরের মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। এ ছাড়া হাতেও বিস্ফোরণের আঘাত রয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।