সুনামগঞ্জের শাল্লায় প্রতাপপুর পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এ টাকার পুরোটাই উত্তোলন করা হলেও কাজ হয়নি। গত ২৫ আগস্ট তোলা ছবি
সুনামগঞ্জের শাল্লায় প্রতাপপুর পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এ টাকার পুরোটাই উত্তোলন করা হলেও কাজ হয়নি। গত ২৫ আগস্ট তোলা ছবি

শাল্লায় কথিত প্রকল্পের টাকা লোপাটের ঘটনায় তদন্তের নির্দেশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কথিত প্রকল্পের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মঙ্গলবার এক দাপ্তরিক পত্রে নির্দেশনার বিষয়টি জানানো হয়।

এর আগে গত সোমবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কথিত প্রকল্পের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা বলেন, ‘তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তিনি প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স।’

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, জ্যেষ্ঠ সহকারী কমিশনার অনুপমা দাস স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে শাল্লায় কথিত প্রকল্পের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তের নির্দেশনার বিষয়টি সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়কে জানানো হয়েছে।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শাল্লা উপজেলায় অতিদরিদ্রদের জন্য সরকারের কাবিখা, কাবিটা ও টিআরের ২৫৫টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কিছু প্রকল্পের অস্তিত্ব নেই, কিছু প্রকল্পে কোনো কাজই হয়নি। এমন নামসর্বস্ব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে তছরুপ করা হয়েছে কোটি টাকা।
প্রথম আলোর প্রতিবেদক ৪০টি প্রকল্প এলাকায় সরেজমিনে ১৮টি স্থানে প্রকল্পের কোনো অস্তিত্বই খুঁজে পাননি। কাগজে লেখা থাকলেও বাস্তবে এসব প্রকল্প বাস্তবায়নের চিত্র দেখা যায়নি। ৫টিতে সঠিকভাবে কাজ হওয়ার চিত্র দেখা গেলেও ১৭টিতে নামমাত্র কাজ হতে দেখা গেছে।

এদিকে কথিত প্রকল্পের নামে কোটি টাকা লোপাটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতারা। বুধবার বিকেলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহার কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনের নেতারা এ দাবি জানিয়েছেন।

স্মারকলিপি দেওয়ার পর ফোরামের একটি প্রতিনিধিদল একই ঘটনায় লিখিত অভিযোগ দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট কার্যালয়ের পরিচালকের কাছে পৌঁছে দেন। অভিযোগে কোটি টাকা লোপাটের বিষয়টি আমলে নিয়ে তদন্তের মাধ্যমে সরকারি টাকা তছরুপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় ফোরামটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দেব, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আদনান খান হেলাল, সন্তুষ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন স্মারকলিপিতে স্বাক্ষর করেন। অনিয়ম ও দুর্নীতির বিষয়টি আমলে নিয়ে দ্রুত লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।