সাতক্ষীরায় অগ্নিদগ্ধ হয়ে স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

সাতক্ষীরা জেলার মানচিত্র
সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভগ্নিপতির দেওয়া আগুনে দগ্ধ হয়ে ঝলসে আবদুল কাদের (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু পর মারা গেলেন তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৬)। আজ বুধবার ভোর সাড়ে চারটায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১ জুন অবস্থায় মারা যান কাদের। বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁদের মেয়ে ফাতেমা খাতুন (৪)। কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চন্দনপুর গ্রামের কাদেরের বোন সুফিয়া খাতুনের (২৬) সঙ্গে যশোরের নারায়ণপুর পোড়াবাড়ী এলাকার সবুজ হোসেনের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। মাসখানেক আগে সবুজ তাঁর স্ত্রী সুফিয়াকে মারধর করেন। বিষয়টি তিনি তাঁর ভাই কাদেরকে জানান। কাদের সেখানে গিয়ে সবুজকে বকাবাকি করেন। পরে তাঁর বোনকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হন সবুজ।

গত ২৭ মে রাতে সবুজ চন্দনপুর গ্রামের তাঁর ভায়রা ভাই সোহাগ হোসেনের বাড়িতে অবস্থান করেন। ওই রাতে সোহাগের সহযোগিতায় কাদেরের ঘরে পেট্রল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যান। এতে কাদের, তাঁর স্ত্রী শারমিন ও শিশুকন্যা ফাতেমা ঝলসে যায়। দগ্ধ ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙে তাঁদের উদ্ধার করেন। উদ্ধারের পর প্রথমে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জানুয়ারি সকাল ১০টায় কাদের মারা যান।

গত ২৮ মে কাদেরের বোন সুফিয়া খাতুন বাদী হয়ে সবুজ ও সোহাগকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেন। ওইদিনই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, বিষয়টি খুবই হৃদয়বিদারক! ভগ্নিপতি সবুজের দেওয়া আগুনে কাদের ও তাঁর স্ত্রী শারমিন মারা গেলেন। চিকিৎসাধীন আছে তাঁদের চার বছরে মেয়ে ফাতেমা।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন পলাতক। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’