সভাপতি এ হাসান মো. আজিজুর রহমান প্রধান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ
সভাপতি এ হাসান মো. আজিজুর রহমান প্রধান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ

পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তাঁরা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। সভাপতি পদে এ হাসান মো. আজিজুর রহমান প্রধান এবং সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। বিএনপিপন্থীদের বাইরে শুধু সহসাধারণ সম্পাদক ও একজন কার্যনির্বাহী সদস্য বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে ২৫৩ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনার পর রাতে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী খলিলুর রহমান।

ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (মুক্তা) ৪৬ ভোট পেয়েছেন।

বিএনপিপন্থী আইনজীবী প্যানেল থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে তসলিম উদ্দিন, লিগ্যাল এইড সম্পাদক পদে আহসান হাবিব সরকার, লাইব্রেরি সম্পাদক পদে মনিরুজ্জামান (মিন্টু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাবু), কার্যকরী সদস্য আরাফাত হোসেন (জনি), আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আলী। বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেলের বাইরে বিজয়ী অপর দুজন হলেন—সহসাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন ও কার্যনির্বাহী সদস্য আবদুল মুকিত।

এই নির্বাচনে সহসভাপতি পদে তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে আবদুল মুকিত, আরাফাত হোসেন (জনী), আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।