এক মাসের ব্যবধানে গাবতলী উপজেলা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার এক মাসের মাথায় পাল্টা কমিটি ঘোষণা করেছেন একাংশের নেতারা। সংগঠনের ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে বিতর্কিতদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে এই পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সংগঠনের প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।

নয়ন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও আবদুল গফুর ওরফে বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। আবদুল গফুর এর আগে গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত বছরের ৪ ডিসেম্বর তাঁকে বহিষ্কারের ঘোষণা দেয় জেলা কমিটি। মঙ্গলবার তাঁর ফেসবুক আইডি থেকেও নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

তবে এই কমিটিকে নিয়মবহির্ভূত, অসাংগঠনিক ও ছাত্রলীগের গঠনতন্ত্রের পরিপন্থী বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের একাংশের অসাংগঠনিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ জানুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাঈমুর রাজ্জাক ওরফে তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি এবং আবদুল গফুরকে সাধারণ সম্পাদক করা হয়। এদিকে ২০২২ সালের ৭ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির ঘোষণা দেয়। তবে বহিরাগত ও বিতর্কিতদের নিয়ে গঠিত এই কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেন। গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর ওই আন্দোলনে নেতৃত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়।

এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭১ সদস্যবিশিষ্ট গাবতলী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি ও আবদুর রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়। এতে পদবঞ্চিত হন আবদুল গফুর সমর্থিত অংশের নেতা–কর্মীরা। গতকাল পদবঞ্চিতরা পাল্টা আরেকটি কমিটির ঘোষণা দেন।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, গাবতলী উপজেলা ছাত্রলীগের আগেই কমিটি হয়েছে। এখন পাল্টা কমিটি ঘোষণা সংগঠন পরিপন্থী কাজ। জেলা কমিটিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একাংশের সাধারণ সম্পাদক দাবিদার আবদুল গফুর বিপ্লব বলেন, ‘২০২১ সালের ৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের তৎকালীন নেতারা চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদক ও নয়ন মিয়া সহসভাপতি। এর মধ্যে ভুঁইফোড় ও সুযোগসন্ধানীদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৭ নভেম্বর জেলা ছাত্রলীগের একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়। বিতর্কিত ওই কমিটি বাতিল চেয়ে আন্দোলন করায় গঠনতন্ত্র লঙ্ঘন করে আমাদের না জানিয়েই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক একক ক্ষমতা বলে অছাত্র ও বিএনপি জামায়াত পরিবারের লোকজন নিয়ে অবৈধভাবে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে আমাদের নাম নেই। এ কারণে ত্যাগী ও পরীক্ষিত নেতা–কর্মীদের নিয়ে গতকাল আমরা নতুন কমিটি ঘোষণা করেছি।’