তৃতীয় দিনের মতো নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

কয়েকটি পরিবহনের কাউন্টার ছাড়া ঢাকাগামী অধিকাংশ পরিবহনের কাউন্টার বন্ধ। শুক্রবার সকালে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

তৃতীয় দিনের মতো নওগাঁ-বগুড়া রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ আছে। সড়কে নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত বুধবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকেরা। দুই জেলার বাসমালিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নওগাঁ ও বগুড়া বাস মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, নওগাঁ বাস মালিক গ্রুপের নওগাঁ-ঢাকা ও নওগাঁ-চট্টগ্রাম রুটে বরেন্দ্র এক্সপ্রেস নামের একটি পরিবহনের নতুন তিনটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস নামানোকে কেন্দ্র করে নওগাঁ ও বগুড়া জেলা বাস মালিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে নওগাঁ জেলার বাসমালিকদের আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার বাসমালিকেরা। প্রতিবাদে নওগাঁর বাসমালিকেরাও নওগাঁ-বগুড়া রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেন। এতে বগুড়ার বাসমালিকদের বাস নওগাঁর পরিবর্তে বগুড়ার সান্তাহার পর্যন্ত চলাচল করছে। অন্যদিকে নওগাঁ ও দেশের অন্যান্য জেলার বাসমালিকদের কিছু বাস বগুড়ার পরিবর্তে নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করছে।

দুই জেলার মালিকদের দ্বন্দ্বে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছোট ছোট যানবাহনে করে তাঁদের কেউ কেউ বগুড়ার সান্তাহারে গিয়ে বাস ধরছেন। আবার অতিরিক্ত পথ অতিক্রম করে ভাঙাচোরা নওগাঁ-নাটোর রুট হয়ে দূরের গন্তব্যে যাত্রা করতে হচ্ছে অনেকে যাত্রীকে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, গত দুই দিনের মতো আজও হানিফ, একতাসহ ১০-১২টি পরিবহনের কাউন্টার ছাড়া অধিকাংশ পরিবহনের কাউন্টার বন্ধ। বাসস্ট্যান্ডে খুব বেশি বাস না থাকলেও ছিল ব্যাটারিচালিত ইজিবাইক। অনেক যাত্রীকে বাসস্ট্যান্ডের কাউন্টারে বাস না পেয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সান্তাহারে যেতে দেখা গেছে।

সকালে বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম (৩৮)। ঢাকায় যাওয়ার উদ্দেশে সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি মহাদেবপুর উপজেলা থেকে বাসস্ট্যান্ডে এসেছেন। কিন্তু এসে দেখেন কাউন্টার বন্ধ। শহিদুল প্রথম আলোকে বলেন, যে কয়েকটি কাউন্টার খোলা আছে, সেগুলোতে খোঁজ নিয়ে টিকিট পেলেন না। এখন সান্তাহারে গিয়ে ট্রেনে করে ঢাকায় যাওয়ার কথা ভাবছেন। ট্রেনে আসন না পেলে সান্তাহার থেকে যেকোনো একটি বাসে ঢাকায় রওনা দেবেন

ঢাকাগামী যাত্রী আবুল কালাম বলেন, ‘জরুরি কাজে আজকে আমাকে ঢাকায় যেতেই হবে। কিন্তু বাসস্ট্যান্ডে এসে কোনো বাস পাচ্ছি না। বাধ্য হয়ে সান্তাহার থেকে ট্রেনে বা বাসে যেতে হবে। দুই জেলার বাসমালিকদের দ্বন্দ্বে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বগুড়ার বাসমালিকদের কাছে তাঁরা জিম্মি। নওগাঁ-ঢাকা ও নওগাঁ-চট্টগ্রাম রুটে নতুন বাস নামানো নিয়ে জটিলতার শুরু। সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হবে না। নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনসহ অনেক পক্ষ চেষ্টা করছে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক করতে দুই পক্ষের সঙ্গে কথা চলছে। তিনি আশা করছেন, শিগগিরই নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।