নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হলেন সহিদ উল্যাহ খান

সহিদ উল্যাহ খান
সহিদ উল্যাহ খান

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সহিদ উল্যাহ খানের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় এ ঘোষণা দেন।

আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সহিদ উল্যাহ খান নোয়াখালী পৌরসভার টানা দুই মেয়াদের নির্বাচিত মেয়র। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বের শেষের দিকে প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরবর্তী মেয়াদে সভাপতি হিসেবে বিদায়ী কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর নাম ঘোষণা করেন। তখন ঘোষণা করা হয়েছিল,কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে ১৭ ডিসেম্বর ভোটাভুটির মাধ্যমে অথবা আলোচনা করে সাধারণ সম্পাদক পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সম্মেলনের পর থেকে সবার মধ্যে আলোচনা ছিল, কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক। সহিদ উল্যাহ খানের নাম ঘোষণার মধ্য দিয়ে সেই আলোচনার ইতি ঘটল।

সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা দলের সভাপতি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে সহিদ উল্যাহ খানকে তিনি বেছে নিয়েছেন। আরেক প্রার্থী শিহাব উদ্দিনকে জেলা আওয়ামী লীগের ১ নম্বর সহসভাপতি করার সিদ্ধান্ত দিয়েছেন।

খায়রুল আনম চৌধুরী জানান, জেলা আওয়ামী লীগের পাশাপাশি নোয়াখালী শহর আওয়ামী লীগের পরবর্তী মেয়াদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিথুন ভট্ট। জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জানান, নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে আবদুজ জাহেরকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে আতাউর রহমানকে। তিনি এর আগেও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সহিদ উল্যাহ খান প্রথম আলোকে বলেন, নেত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা সুচারুভাবে পালন করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনে দল থেকে যাঁকে যে আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাঁকে বিজয়ী করতে তিনি সর্বাত্মক কাজ করে যাবেন। এ আগে খুব অল্প সময়ের মধ্যে সবার মতামতের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সহসভাপতির দায়িত্ব পাওয়া শিহাব উদ্দিন বলেন, ‘আমি মনে করি, নেত্রী যথার্থ কমিটি দিয়েছেন। আমরা আগামী দিনে নির্বাচনে যে চ্যালেঞ্জ, সেটা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে ভালো ফল করতে পারব বলে মনে করি।’