
আত্রাই নদে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর তুহিন ইসলাম (৮) নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন আজ বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
তুহিন নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। তুহিন নানাবাড়ি বেড়াতে গিয়েছিল।
তুহিনের বাবা তোজাম্মেল হোসেন বলেন, নানির মৃত্যুর খবর পেয়ে তুহিন গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে সিংড়ার কৃষ্ণনগরে নানা মজিবুর রহমানের বাড়িতে যায়। গতকাল বুধবার বেলা দুইটায় সে পাশের বিলদহর গ্রামে ব্রিজঘাটে গোসল করার জন্য আত্রাই নদে নামে। একপর্যায়ে সে নদী থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে তারা তার সন্ধান পায়নি। পরে ডুবুরি দল ফিরে যায়।
চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নিখোঁজের পর থেকে তাঁর তত্ত্বাবধানে স্থানীয় লোকজন শিশুটির সন্ধান করছিলেন। আজ সকালে খালের ভেতরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।