দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার পক্ষে অর্থসহায়তা তুলে দেওয়া হয়
দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার পক্ষে অর্থসহায়তা তুলে দেওয়া হয়

দিপু দাসের পরিবারের পাশে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার উদ্যোগে এই অর্থসহায়তা দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি বাদল ঘোষ ও সাধারণ সম্পাদক তপন কর্মকারের পক্ষে গত সোমবার তারাকান্দা উপজেলায় নিহত দিপু দাসের বাড়িতে যান সংগঠনের অর্থ সম্পাদক অরূপ কুমার ঘোষ। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় দিপু দাসের স্ত্রী মেঘনা রবি দাস, বাবা রবি চন্দ্র দাস ও মা শেফালি রবি দাসের হাতে এক লাখ টাকার অর্থসহায়তা তুলে দেন তিনি।

অরূপ কুমার ঘোষ বলেন, ‘দিপু দাসকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যার পর কয়েক কিলোমিটার দূরে নিয়ে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। উপার্জনক্ষম দিপুর মৃত্যুতে পরিবারটির যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলো।’

ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।