রাজশাহী কলেজ

নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো সুপারিশ করেনি ছাত্রলীগ

রাজশাহী কলেজ
ছবি: প্রথম আলো

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে ছাত্রদের নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো রাজশাহী মহানগর ছাত্রলীগের কাছে কোনো সুপারিশ করেনি কলেজ শাখা ছাত্রলীগ। আদৌ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এ নিয়ে শিক্ষার্থীরা সংশয়ে আছেন। এ ছাড়া এর আগে কলেজ শাখার সাধারণ সম্পাদক নাইমুল হাসানকে বহিষ্কার করে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এসব কারণে কলেজের সাধারণ ছাত্রদের মধ্যে এখনো ভয় কাটেনি।

গত বুধবার রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ছাত্রদের জোর করে দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়াকে কেন্দ্র তাঁদের মারধর করার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বৈঠকে বহিরাগত দুই ছাত্রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশের ঘোষণা দেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত।

নির্যাতিত ছাত্রদের বর্ণনা অনুযায়ী, এই দুই ছাত্রনেতা হচ্ছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক শাহরুখ আলম ও রাসিক দত্তের অনুসারী বলে পরিচিত রিফাত।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রথম আলোকে বলেন, তাঁরা রাজশাহী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এখনো কোনো সুপারিশ পাননি। বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জড়িত ব্যক্তিদের পরিচয় তিনি বের করার চেষ্টা করছেন। আজ শুক্রবার সারা দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এক কার্যদিবসের মধ্যে তাদের জবাব চাওয়া হবে—কেন সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হবে না। সশরীর এসে তাঁদের জবাব দিতে হবে।

বুধবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আবদুল খালেক ও মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আনিসুজ্জামানের কাছে শিক্ষার্থীরা তাঁদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। সে সময় সবাই শাহরুখ আলম ও রিফাতের বিরুদ্ধেই অভিযোগ করেন। তারা দুজনই বহিরাগত। শিক্ষার্থীরা জানান, রিফাত মিছিলে তাঁদের পেছনে পেছনে মোটরসাইকেল নিয়ে তদারকি করেছেন। রাসিক দত্তের নির্দেশে তিনি ছাত্রাবাসে ছাত্রদের মিছিলে নিয়ে যাওয়ার জন্য নিপীড়নমূলক আচরণ করেন।

রিফাত সম্পর্কে জানার জন্য রাসিক দত্তকে ফোন দেওয়া হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে গতকাল বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই নেতাকে বহিষ্কারের জন্য তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠাবেন।

২০১৮ সালের ২ এপ্রিল রাতে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ভেতর থেকে কাঠের গুঁড়ি লুটের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে নগরের বোয়ালিয়া থানায় মামলা করে। সেই রাতেই ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক নাইমুল হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে সে সময় সিটি করপোরেশন নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তিনি বর্তমানে রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন।