দীর্ঘদিন পড়ে থাকায় গম পচে গেছে। এ থেকে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুটি গুদামে পাঁচ বছর ধরে পড়ে আছে আমদানি করা ১৯০ মেট্রিক টন গম। দীর্ঘদিন পড়ে থাকায় এসব গম পচে গেছে। এ থেকে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
একইভাবে ভারত থেকে আমদানি করা ৩৭০ মেট্রিক টন রেলওয়ে স্লিপার (১ হাজার ৩০০টি) চার বছর ধরে পড়ে রয়েছে বন্দরের ইয়ার্ডে। এতে বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। দীর্ঘদিন পড়ে থাকা এসব গম ও রেলওয়ে স্লিপারের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১৪ জানুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নীলফামারীর সৈয়দপুরের মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স ভারত থেকে ১৯০ মেট্রিক টন গম আমদানি করে।
নিম্নমানের গমে নানা রকম ক্ষতিকারক জীবাণু রয়েছে বলে অভিযোগ ওঠে। পরীক্ষা-নিরীক্ষা করে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি পাওয়ায় এসব গমের ছাড়পত্র দেয়নি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। গম জব্দ করে বন্দরের ১ ও ২ নম্বর গুদামে রাখে কাস্টমস কর্তৃপক্ষ। তখন থেকেই এসব গম ওই দুটি গুদামে পড়ে আছে।
এদিকে ২০১৯ সালের ২ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত থেকে কয়েক দফায় প্রায় ৩৭০ মেট্রিক টন (১ হাজার ৩০০টি) রেলওয়ে স্লিপার আমদানি করে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি ভারতীয় প্রতিষ্ঠান। পরে এসব স্লিপারের মানে ত্রুটি থাকায় আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। তখন থেকে এসব স্লিপার বন্দরের ইয়ার্ডে পড়ে আছে। এ বিষয়েও কাস্টমস কর্তৃপক্ষ আর কোনো সিদ্ধান্ত দেয়নি।
বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, দীর্ঘদিন আগে আমদানি করা ১৯০ মেট্রিক টন গম নিম্নমানের হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়নি। তবে তা কাস্টমস বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরের ১ নম্বর ও ২ নম্বর গুদামে পচে নষ্ট হয়ে যাওয়া ১৯০ মেট্রিক টন গম পড়ে আছে। সেগুলো থাকায় আমরা ওই দুটি গুদামে কোনো মালামাল রাখতে পারছি না। এ ছাড়া বন্দরের ইয়ার্ডে চার বছর ধরে ৩৭০ মেট্রিক টন রেলওয়ে স্লিপার পড়ে আছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এসব গম ও স্লিপার দ্রুত অপসারণ প্রয়োজন।’
আবুল কালাম আজাদ আরও জানান, ‘১৯০ মেট্রিক টন গম ধ্বংস করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। ওই কমিটিতে প্রতিনিধি দেওয়ার জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমরা কমিটিতে প্রতিনিধিও দিয়েছি।’
বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ‘বন্দরের গুদামে জব্দ থাকা ১৯০ মেট্রিক টন গম ধ্বংস করার জন্য অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে। এ ছাড়া ইয়ার্ডে পড়ে থাকা রেলওয়ে স্লিপারগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সময় চেয়েছে বলে জেনেছি।’