অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। আজ শনিবার
অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। আজ শনিবার

কুষ্টিয়ায় গণিত উৎসব

‘গণিতের মধ্য দিয়ে ভালো মানুষ হতে হবে’

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’–এই স্লোগানে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর আঞ্চলিক পর্ব। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। যৌথভাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন গণিত অলিম্পিয়াডের সাবেক বিজয়ী কুষ্টিয়ার সন্তান চমক হাসান ও তারিক আদনান মুনের নাম উল্লেখ করে বলেন, ‘আজ যদি এখানে চমক হাসান ও তারিক আদনান উপস্থিত থাকত, তাহলে সবচেয়ে বেশি তোমরা উৎসাহিত হতে। তোমরা যারা সামনে দাঁড়িয়ে আছ, তারাও একদিন চমক হাসান ও তারিক আদনান মুনকে ছাড়িয়ে যাবে, ইনশা আল্লাহ। আর এই কষ্ট করে দূর থেকে আসার একটা সুবিধা আছে। তোমাদের লক্ষ্য থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই তোমরা সফলতা পাবে। স্বাভাবিক জীবনযাপন করবে, আর তোমাদের চিন্তা থাকবে অনেক দূরে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মো. ইকবাল হোসেন বলেন, ‘আমার বিশ্বাস তোমরা জয়ী হবে। যেখানেই যাও না কেন, তোমরা দেশের সেবা দেবে। দিন শেষে সবাই বাংলাদেশি। দেশকে ভালো রাখতে হবে। মনে রাখবে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। গণিতের মধ্য দিয়ে ভালো মানুষ হতে হবে। নিজ নিজ ধর্মকে ভুলে যাওয়া যাবে না।’

প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিম।

ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। কুষ্টিয়া আঞ্চলিক পর্বে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। কুষ্টিয়া আঞ্চলিক উৎসবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্ব শেষে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকেরা জানান, কুষ্টিয়া আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল পরবর্তী সময়ে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত উৎসব ২০২৬–এ অংশ নেবে।