শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম

কুমারখালীর পৌর মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে দুদকে মামলা

কুষ্টিয়া জেলার মানচিত্র
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি ও ভকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর আবদুস সাত্তার, সহকারী শিক্ষক খলিলুর রহমান, আসমা বেগম, এস এম আতি বিন বাপ্পী, কুতুবুল আলম, মনিরা পারভিন, লুৎফুন নাহার, শেখ মো. সেলিম রেজা, সাম্মী আক্তার, আবদুল্লাহ মোহাম্মদী, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর বাসনা রানী কর্মকার, আয়া রুপালী খাতুন, পরিচ্ছন্নতাকর্মী সনজিদ কুমার বাঁশফর, নৈশপ্রহরী নাসিম হোসেন, অফিস সহায়ক আলমগীর হোসেন, নিরাপত্তাকর্মী আমিরুল ইসলাম, বিজ্ঞান ল্যাবের সহকারী খাদিজাতুল কোবরা ও কম্পিউটার ল্যাবের অপারেটর আবদুল্লাহ আল মামুন।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১০, ২০১৩ ও ২০১৮–এর বিধিবিধান এবং সরকারি প্রজ্ঞাপনের নিয়ম ভেঙে কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দিয়েছেন। কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামানএই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, মামলার বিষয়ে তাঁর জানা নেই।

কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান বলেন, ‘আমি কোনো অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত নই। দুদক মামলা করেছে, তারা তদন্ত করে দেখুক।’

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, মামলা হয়েছে। আইনগতভাবে কার্যক্রম চলবে।