ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের নির্দেশে এসব গাছ এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ সড়কের কাজ করতে গিয়ে অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। কোনো ধরনের অনুমতি ছাড়াই উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে ২৫ থেকে ৩০ বছর বয়সী এই তালগাছগুলো গত এক সপ্তাহ ধরে এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হচ্ছে। তালগাছের পাশাপাশি এ সড়কে বন বিভাগের রোপণ করা আকাশমণি, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারাও উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোবাহান হাওলাদারের নির্দেশে এসব গাছ এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পরিবেশ রক্ষায় ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণ করার জন্য প্রচারণা চালানো হলেও জনপ্রতিনিধিরা তা মানছেন না। ইউপি সদস্য সোবাহান হাওলাদারকে তালগাছগুলো কাটতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি, বরং নিজে দাঁড়িয়ে থেকে মাটি কাটার যন্ত্র দিয়ে গাছ উপড়ে ফেলেছেন। এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। এক সপ্তাহ ধরে নজিবপুর গ্রামে প্রকাশ্যে এক্সকাভেটর দিয়ে গাছ কেটে মাটির রাস্তা নির্মাণের কাজ চললেও এসব গাছ বাঁচাতে বন বিভাগসহ কেউ এগিয়ে আসেননি।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জলবায়ু সহিষ্ণু গ্রামীণ অবকাঠামো (সিআরআরআইপি) প্রকল্পের আওতায় মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ মাটির সড়কটি নির্মাণ করা হচ্ছে। গত ২৬ এপ্রিল কাজ শুরু হয়েছে। দেড় কিলোমিটার দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী পুরো কাজটি বাস্তবায়ন করছেন। ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদার এই সড়ক নির্মাণকাজের তদারকি করছেন।
জানতে চাইলে ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদার বলেন, রাস্তা করার জন্য মাটি কেটে তোলার সময় গাছ উপড়ে পড়ছে। ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
জানতে চাইলে এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল বারী বলেন, ‘গ্রামীণ সড়কের মাটির কাজ করতে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাঁকে গাছ কাটতে বলা হয়নি। পরিবেশ রক্ষায় গাছ জরুরি। বজ্রপাতের হাত থেকে বাঁচতে এখন আরও তালগাছ রোপণ করার জন্য বলা হচ্ছে। ইউপি চেয়ারম্যান যদি সেসব না বুঝে নিজের খেয়ালখুশিমতো কোনো গাছ কেটে থাকেন, এ দায় তাঁর।’
নজিবপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল কুদ্দুস বলেন, নজিবপুর গ্রামের ওয়াজেদ হাওলাদারের বাড়ি থেকে মহিপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন মো. আমানউল্লাহর বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি নির্মিত হচ্ছে। শ্রমিক লাগিয়ে কোদাল দিয়ে মাটি কেটে ঢাল তৈরি করে রাস্তা নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এক্সকাভেটর দিয়ে রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে খাড়া করে মাটি ফেলে রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছে। এতে রাস্তার পাশের ব্যক্তি মালিকানাধীন কৃষিজমিতে বড় বড় গর্ত হচ্ছে। পাশাপাশি রাস্তাও টেকসই হবে না।
আলম হাওলাদার ও আবদুল বারেক নামে ওই গ্রামের আরও দুজন বলেন, সড়কের পাশে যাঁরা এসব তালগাছ রোপণ করেছেন, তাঁরা ইউপি চেয়ারম্যানের ভয়ে মুখে কিছু না বললেও ভেতরে-ভেতরে ক্ষোভে ফুঁসছেন।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘গাছ কাটার প্রয়োজন হলে সে জন্য নিয়মনীতি রয়েছে। এর ব্যত্যয় হলে বন আইনে মামলা দেওয়া হবে।’
এ ব্যাপারে মহিপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, ‘আমি গাছ কাটতে বলিনি। গাছ না কেটেও মাটির রাস্তা নির্মাণ করা যায়। ওই এলাকার ইউপি সদস্য সোবাহান হাওলাদার না বুঝে গাছগুলো কেটেছেন। এ নিয়ে ইউপি সদস্যকে বকাঝকা করেছি।’