
পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাজা প্রামাণিক (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার লালিপাড়া গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজা প্রামাণিক উপজেলার শ্রীধরকোড়া গ্রামের বাসিন্দা। গত রোববার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাজা প্রামাণিক নিজ বাড়িতে ছিলেন। এ সময় পাশের লালিপাড়া গ্রামের হৃদয় হোসেন (৩০) ও অনিক হোসেন (২৮) নামের দুই যুবক রাজা প্রামাণিককে ডেকে বাড়ির বাইরে নিয়ে যান। এর পর থেকে রাজা প্রামাণিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে পরদিন সোমবার সাঁথিয়া থানায় মৌখিক অভিযোগ জানানো হয়।
এর মধ্যে আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন লালিপাড়া গ্রামের খালের ওপরে থাকা সেতুর নিচে কচুরিপানার মধ্যে রাজা প্রামাণিকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় রাজা প্রামাণিকের দুই পায়ে টায়ারের অংশ জড়ানো ছিল। বেলা দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।