প্রশাসনের আশ্বাসে সিলেটে পেট্রলপাম্প ও সিএন‌জি স্টেশনের ধর্মঘট স্থ‌গিত

ফিলিং স্টেশন
ফাইল ছবি: প্রথম আলো

সিলেটে আগামী রোববার থেকে পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রশাসনের আশ্বাসে স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী।

এর আগে গত ২৬ মে সিলেটের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন। ফিলিং স্টেশনের কর্মীদের দাবি, সরকারদলীয় ছাত্র সংগঠনের নামে কয়েকজন দুর্বৃত্ত ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে। স্টেশনের কর্মীরা এতে বাধা দিলে তাঁরা হামলা ও মারধরের শিকার হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিকপক্ষ মামলা করে। হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায় পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনের মালিকেরা। দাবি না মানলে রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।

পেট্রল ও সিএনজি পাম্পে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গত বুধবার সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ও মালিক–শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ট্যাংক-লরি নিয়ে মিছিল হয়। পরে পাঁচ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, গতকাল সিলেট মহানগর পুলিশ কমিশনার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংক–লরি ওনার্স এসোসিয়েশনের নেতাদের সঙ্গে সভা করেন। সভায় সব সিএনজি ফিলিং স্টেশন, পেট্রলপাম্প ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেন পুলিশ কমিশনার। সে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। পুলিশ কমিশনারের আশ্বাসের রোববার থেকে ডাকা ধর্মঘট স্থগিত ঘোষণা করেন নেতারা।