র‍্যাগিং বন্ধের দাবি নির্যাতনের শিকার বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) র‍্যাগিং বন্ধের দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ওই ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি। চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও এখনো তিনি অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নূরে জান্নাতের বিরুদ্ধে ডেকে নিয়ে গালিগালাজ ও কান ধরে দাঁড় করিয়ে রাখার লিখিত অভিযোগ করেছেন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। আজ দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আলম খান বলেন, ‘আমরা বিষয়টি শোনার পরপরই প্রক্টরকে (ভারপ্রাপ্ত) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনার সঠিক তদন্ত করে আজকের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর তা শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিন্ডিকেটে তোলা হবে। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে কঠোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এ অপরাধ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

ভুক্তভোগী ওই ছাত্রীর ভাষ্য, গত সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর কক্ষে নির্যাতনের ঘটনাটি ঘটে। তিনি কক্ষটিতে অচেতন হয়ে পড়েন। প্রথমে তাঁকে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে রাত আটটার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গতকাল বুধবার দুপুরে তিনি বাড়িতে ফিরে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রক্টর (ভারপ্রাপ্ত) এ এইচ এম মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁরা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁরা তদন্ত করে দেখছেন।

লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। গত বৃহস্পতিবার নূরে জান্নাত তাঁকে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। গত রোববার বেলা আড়াইটার দিকে তিনি নূরে জান্নাতের সঙ্গে হলে দেখা করেন। তখন তাঁকে বিশ্ববিদ্যালয়ের এক ছেলে শিক্ষার্থী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি ওই শিক্ষার্থীর বিষয়ে তেমন কিছু বলতে পারেননি। পরদিন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে আবার বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। তাঁর কাছে আবারও ওই ছেলের ব্যাপারে জানতে চাওয়া হয়। একপর্যায়ে এক জুনিয়র শিক্ষার্থীর সামনে ১০ মিনিট তাঁকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়।

অভিযোগের বিষয়ে নূরে জান্নাত বলেন, ‘এক ছেলে শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাসে ওই ছাত্রী নানা রকম কথাবার্তা বলতেন। এ বিষয়ে তাঁকে কক্ষে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল। পরে তিনি (ছাত্রী) কোথায় থাকেন, কোন বর্ষে পড়েন, এসব জিজ্ঞাসা করেছি। তাঁকে কান ধরিয়ে রাখার প্রশ্নই আসে না। বুঝতে পারছি না, ওই ছাত্রী কেন এসব অভিযোগ করছেন।’

গতকাল বেলা দেড়টার দিকে মুঠোফোনে ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। পরে ওই আপু আমাকে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে নিয়ে যান। আমি বাসায় গিয়ে রাতে আবার অসুস্থ হয়ে পড়ি। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমাকে উপাচার্য স্যার হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তখন তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের কথা বলেছিলেন। আমার সঙ্গে ওই কক্ষে যা ঘটেছে, এ ধরনের ঘটনা যাতে আর কোনো শিক্ষার্থীর সঙ্গে না ঘটে।’