সিলেট সিটি নির্বাচন

পলিথিনে মোড়ানো পোস্টার না ছাপিয়ে নজর কেড়েছেন তিনি

সিলেট নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। ৪ জুন নগরের হাউজিং এস্টেট এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী। তিনি সিলেটে নাগরিক আন্দোলনের পরিচিত মুখ। তিনি পলিথিনে মোড়ানো পোস্টার না ছাপিয়ে নজর কেড়েছেন।

ভোটারদের ভাষ্য, ওয়ার্ডের সুখ্যাতি রক্ষায় নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতির পাশাপাশি প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর বিষয়ে আবদুল করিম চৌধুরী ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। টানা বৃষ্টির কারণে নগরের প্রায় সব কটি ওয়ার্ডে যেখানে প্রার্থীরা পলিথিনে মোড়ানো পোস্টার সাঁটাচ্ছেন, সেখানে পরিবেশসচেতন আবদুল করিম তাঁর কোনো পোস্টারই পলিথিনে মোড়াননি।

কাউন্সিলর প্রার্থী আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচিত হলে চাহিদার সঙ্গে সমন্বয় রেখে নাগরিক সুবিধা আদায়ে সচেষ্ট থাকব। পাড়ামহল্লার শান্তি, সম্প্রীতি, ঐতিহ্যের ধারা বজায় রাখতে তৎপর থাকব। সমাজবিনাশীদের বিরুদ্ধে আমার কণ্ঠ সব সময় উচ্চকিত থাকবে।’

নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা আবদুল করিম চৌধুরী প্রায় দুই দশক ধরে সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশগত বিভিন্ন ইস্যুতে সোচ্চার। ২০০৭ সালে বাপার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর থেকে সিলেট বিভাগের পাহাড়, টিলা, নদী, জলাশয়, বন ও বন্য প্রাণী রক্ষায় তিনি আন্দোলন-সংগ্রাম করে চলেছেন। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট নামের একটি সংগঠনের সমন্বয়কও তিনি।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক নদী ও পানিবিষয়ক মুভমেন্ট ওয়াটারকিপার অ্যালায়েন্স সুরমা নদী রক্ষায় নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আবদুল করিম চৌধুরীকে ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ ঘোষণা করে। ২০১৫, ২০১৬ ও ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ওয়াটারকিপার অ্যালায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি সুরমা নদীর প্রতিনিধিত্ব করেন।

আবদুল করিম চৌধুরী

এদিকে ৪ জুন নগরের হাউজিং এস্টেট এলাকায় আবদুল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। এ সময় তিনি বলেন, ‘আবদুল করিম চৌধুরী হচ্ছেন আমাদের নাগরিক সমাজের একজন প্রতিনিধি। তিনি ভোটে নির্বাচিত হলে আরও নাগরিক প্রতিনিধির নির্বাচনে আসার পথ খুলবে।’

আগামী বুধবার সিলেট সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ৪ নম্বর ওয়ার্ডে আবদুল করিম চৌধুরী রেডিও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর তিনজন কাউন্সিলর প্রার্থী হলেন আলম খান (ঘুড়ি প্রতীক), আহমদুল হক (লাটিম) ও শেখ তোফায়েল আহমদ (টিফিন ক্যারিয়ার)।