গাজীপুরে ভ্যানের চালককে ধারালো অস্ত্র দেখিয়ে টেনেহিঁচড়ে রাস্তায় নামানোর চেষ্টা করছিলেন তিন যুবক। পাশ দিয়েই যাচ্ছিলেন কয়েকজন পথচারী। তবে তাঁদের প্রতিবাদ করতে দেখা যায়নি। গতকাল রাতে মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
গাজীপুরে ভ্যানের চালককে ধারালো অস্ত্র দেখিয়ে টেনেহিঁচড়ে রাস্তায় নামানোর চেষ্টা করছিলেন তিন যুবক। পাশ দিয়েই যাচ্ছিলেন কয়েকজন পথচারী। তবে তাঁদের প্রতিবাদ করতে দেখা যায়নি। গতকাল রাতে মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, এগিয়ে এলেন না কেউ

গাজীপুরে একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ সময় আশপাশে অনেক পথচারী থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে আহত অবস্থায় আল মামুন নামের ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বোম্বে চিপসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।

সড়কের পাশে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশক্যামের ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ডেলিভারি ভ্যান থেমে থেমে এগোচ্ছিল। এ সময় তিন যুবক ভ্যানটির চালকের কাছে গিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চালক বাধা দিলে তাঁকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। এরপর চাপাতি দিয়ে ভয় দেখিয়ে পকেট থেকে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেন। পরে একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার সময় সড়কে অনেক পথচারী চলাচল করছিলেন। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয় লোকজন আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সড়কে নামানোর একপর্যায়ে ওই ডেলিভারিম্যানের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় যুবকেরা

ছিনতাই প্রতিরোধে গঠিত সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, তাঁদের সংগঠনের কর্মীরাই পরে আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাঁরা তাঁর খোঁজখবর রাখছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি।