কুষ্টিয়ায় বিএনএম দলের অধিকাংশ সদস্য স্বর্ণ ব্যবসায় যুক্ত

কুষ্টিয়া জেলার মানচিত্র
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ১৯ সদস্যের কমিটি আছে। সেই কমিটির অধিকাংশ সদস্য শহরে স্বর্ণের ব্যবসার সঙ্গে যুক্ত। কারও কারও স্বর্ণের দোকান আছে, আবার কেউ কেউ স্বর্ণের দোকানে কাজ করেন। তাঁদের কেউই আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে কেউ কেউ আওয়ামী লীগের সমর্থক।

একজন নেতার সঙ্গে আলাপ হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে একটি সংস্থার তিনজন লোক এসে তাঁদের কয়েকজনকে নিয়ে এ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটির অফিসসহ যাবতীয় কার্যক্রম চালানোর ব্যাপারে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা। অগ্রিম ৯ হাজার টাকা দিয়ে দেড় মাসের জন্য অফিসের ভাড়া পরিশোধ করা হয়। এর পর থেকে কার্যক্রম চলতে থাকে এবং ওই সংস্থার লোকজন কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত সরাসরি যোগাযোগ রাখছেন। শহরের সিঙ্গার মোড়ে তাঁদের ছয় হাজার টাকা ভাড়ার কার্যালয় আছে। চলতি বছরের ৬ এপ্রিল তাঁরা কার্যালয়টি ভাড়া নিয়েছেন।

কুষ্টিয়ায় বিএনএম কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল মারুফ। তিনি স্বর্ণ ব্যবসা করেন। গত বছরের ২১ নভেম্বর থেকে তিনি এ দায়িত্বে আছেন। আগে তিনি কোনো রাজনীতি করতেন না। কুষ্টিয়ার উপজেলাগুলোতেও তাঁদের কমিটি আছে বলে তিনি জানান।
কুষ্টিয়া বিএনএমের আহ্বায়ক মোস্তফা কামাল মারুফ প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া কার্যালয়ের ভাড়া তিনি পরিশোধ করেন।