
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় এক প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের সোনাইচান্দের হাট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন এসকান বেপারী (৩০), তুষার মাদবর (২৪), বিপ্লব বেপারী (২৬), জাহিদ হোসেন (২৮), রাজা মিয়া তালুকদার (৩৮), হাবিবুর রহমান (২৯), জাহাঙ্গীর বেপারী (৩০), আলতাফ মোল্লা (৩৫) ও বাদশা মোল্লা (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদিরপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. শাহ আলম তালুকদার ওরফে চান মিয়া ৭ নম্বর ওয়ার্ডে তাঁর কর্মী–সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারণায় যান। এ সময় আনারস প্রতীকের প্রার্থী মো. আজাদুল ইসলাম ওরফে মাসুম বেপারীর কর্মী–সমর্থকেরা তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বুধবার সকালে ফের দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী মো. আজাদুল বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অমান্য করে চান মিয়া তালুকদার রাত ১০টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এ সময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাঙচুর করা হয়। পরাজয় নিশ্চিত জেনেই তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
তবে মো. শাহ আলম তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, ‘কয়েকটি এলাকায় আজাদুলের লোকজন পাহারা বসিয়েছেন। ভোট চাইতে গেলেই তাঁরা বাধা দেন। এর সূত্র ধরেই দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। আজাদুল আমার লোকজন দেখলেই মারধরের নির্দেশ দিয়েছেন। তাঁর কারণেই এই অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।’
শিবচর থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচার–প্রচারণা নিয়ে ওই সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কিছু লোক আহত হয়েছেন। তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। তাঁরা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’