খুলনায় মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুল গফ্ফার

আবদুল গফ্ফার বিশ্বাস
ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা আবদুল গফ্ফার বিশ্বাস।

আজ রোববার তিনি খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। এবার সিটি নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে চান সাবেক এ সংসদ সদস্য।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন এস এম শফিকুর রহমান। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র কেনেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেছিলেন শফিকুর।

হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন আবদুল গফ্ফার বিশ্বাস। তখন তিনি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা মহানগরের সভাপতি।

১৯৮৮ সালে খুলনা-৩ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। খুলনা মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন। এক–এগারোর পর রাজনীতি থেকে দূরে সরে যান।

আবদুল গফ্ফার বিশ্বাস খুলনা নিউমার্কেট মালিক সমিতি, খুলনা জেলা মোটর বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা।

মুঠোফোনে জানতে চাইলে আবদুল গফ্ফার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আপাতত স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র কিনেছি। জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে চাই। তবে ভোটের পরিস্থিতি দেখে নির্বাচন করব কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বর্তমানে খুলনা মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি নেই। এ কারণে আমার কোনো পদও নেই। তবে কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তাতে আমার নাম থাকবে।’

রাজনীতিতে আবার ফিরলেন কেন জানতে চাইলে আবদুল গফ্ফার বিশ্বাস বলেন, ‘খুলনা আমার নিজের শহর। এই শহরেই আমার বাবা-দাদার ভিটা। কিন্তু বর্তমানে অন্য যেসব রাজনীতিবিদ খুলনায় রয়েছেন, তাঁদের বেশিরভাগই বহিরাগত, অন্য জেলা থেকে খুলনায় এসে রাজনীতি করছেন। এ কারণে তাঁরা খুলনার বিভিন্ন সমস্যা খুব বেশি উপলব্ধি করতে পারেন না। যে খুলনা একসময় ছিল শিল্পের নগরী, তা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। তাই খুলনার মানুষের দুঃখ–দুর্দশা নিরসন করতেই আবার রাজনীতিতে এসেছি।’  

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১৭ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়। এর পর থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। আগামী ১৬ মে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, আজ মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়নপত্র কিনেছেন। তাঁদের মধ্যে ৩৫ জন সাধারণ কাউন্সিলর পদে ও আটজন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী হতে ফরম সংগ্রহ করেন।