
বরিশালের হিজলা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার হিজলার থানার উপপরিদর্শক সোহরাব হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ থেকে ৬৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী উল্লেখ করে ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হিজলা ডিগ্রি কলেজের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপ প্যাঁচানো দুটি জর্দার কৌটা উদ্ধার করেছে। জনমনে ভীতি সঞ্চার করতে এসব ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদারকে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরাও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
আবদুল গাফফার তালুকদার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি গত ৩০ নভেম্বর রাতে রাজহংস-১০ লঞ্চে স্ত্রী-মেয়েকে নিয়ে ঢাকায় এসেছি। সেখানে কীভাবে আমাকে এ মামলার আসামি করা হলো? একই সঙ্গে মামলায় অন্য যেসব নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা তিন দিন আগেই গণসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় এসেছেন। তাই এ ধরনের মামলার অভিযোগের কোনো ভিত্তি নেই।’
আবদুল গাফফার তালুকদার অভিযোগ করেন, সরকার চলমান আন্দোলনকে দমনের জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের নামে ‘গায়েবি’ মামলা দিচ্ছে। এটা তারই অংশ ছাড়া আর কিছুই নয়।