
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন এক যুবক। তাঁকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমেছে। আজ রোববার সকালে ‘বিদেশি জামাই কুড়িগ্রামে’ এমন শিরোনামে কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার শ্বশুরবাড়িতে আসেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে কাজ করার সময় চীনের নাগরিক আন হুং ওয়েইয়ের (৩৩) সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
বিয়ের পর শনিবার স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এ সময় ওই যুবক নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ তাঁকে দেখতে ভিড় করেন।
স্থানীয় কয়েকজন জানান, বিদেশি নাগরিক পরিচয়ের কারণে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
মোর্শেদা খাতুন বলেন, ‘মোবাইল ফোনে আমাদের প্রথম পরিচয় হয়। পরে সে ঢাকায় আমার সঙ্গে দেখা করে। সে আমাকে পছন্দ করে। ঢাকায় আমরা বিয়ে করেছি। আমাকে চীনে নিয়ে যাওয়ার কথাও বলেছে। তাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি।’
ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, ‘চীনের নাগরিক এসেছে—এমন খবর পেয়ে ওই বাড়িতে যাই। গিয়ে দেখি, উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। গত ২০ এপ্রিল তাদের বিয়ে হয়েছে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘চীনের এক যুবক ফুলবাড়ীর এক তরুণীকে বিয়ে করে এখানে এসেছেন বলে জেনেছি। বিষয়টির খোঁজ নিয়ে বিস্তারিত জানব।’