বাগমারার দুটি গ্রামে পানিতে ডুবে মারা গেল দুই শিশু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলার দুটি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম ও ধামিন কামনগর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—ধামিন কামনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সামিউল ইসলাম (৬) ও বাড়িগ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (৪)।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বারি প্রথম আলোকে বলেন, আজ দুপুরে শিশু সাকিবুল ইসলাম প্রতিবেশী এক শিশুর (৭) সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে গোসল করতে নামে এবং সাকিবুল পানিতে ডুবে যায়। তাকে পানি থেকে তুলতে না পেরে সঙ্গে থাকা শিশুটি দ্রুত বাড়িতে এসে তার মাকে খবর দেয়। পরে সাকিবুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আজ বেলা ১১টার দিকে শিশু সামিউল ইসলামকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বাড়ির আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন তাঁরা।

দ্রুত সেখান থেকে অচেতন অবস্থায় তুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কোনো উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সামিউলের মামাত ভাই শরিফ প্রথম আলোকে বলেন, বাড়ির পাশের পুকুরটি কয়েক দিন আগে সংস্কার করে গভীর করা হয়। খেলার কোনো এক সময়ে পাড় থেকে ওই পুকুরে গড়িয়ে পড়ে পানিতে ডুবে যায় সামিউল।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেহেনা খাতুন প্রথম আলোকে বলেন, দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।