
হবিগঞ্জের বাহুবল উপজেলার গোসাইপুর বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন। গুরুতর আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকার কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শংকরপুর গ্রামের মাস্টারবাড়ি ও সর্দারবাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে গোসাইপুর বাজারে মাস্টারবাড়ি ও সর্দারবাড়ির লোকজনের কথা–কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। এ নিয়ে সালিস বৈঠকের সিদ্ধান্ত হয় আজ শুক্রবার সন্ধ্যায়।
এদিকে গতকাল রাত সাড়ে আটটার দিকে সর্দারবাড়ির দুলাল মিয়া গ্রামের বাজারে গেলে তাঁকে একা পেয়ে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৮ জন আহত হন। গুরুতর আহত দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়া শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে। আহত অপর চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা হবিগঞ্জ ও বাহুবল উপজেলার হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে বাহুবল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, গ্রামের ভেতর দুটি পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সংঘর্ষ হয়। রাতে গ্রামের বাজারে প্রতিপক্ষের হামলায় দুলাল মারা যান।