রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী। তাঁর রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেন এ ঘটনা ঘটেছে, সেটি আমরা এখনো জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনো জানতে পারিনি।’