বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ অপর দুজন। আজ বৃহস্পতিবার ভোরে বগুড়া সদর উপজেলার ছাতিয়ানতলায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (২৬)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। আহত দুজন হলেন অটোরিকশাচালক বাদশা মিয়া (৫০) ও অটোরিকশার যাত্রী পলাশ মাহামুদ (২৩)। তাঁদের দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে বগুড়া শহর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে সারিয়াকান্দি যাওয়ার পথে ছাতিয়ানতলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রাবেয়া বেগম ও অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। তবে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।