
গাজীপুর নগরে ঈদের নামাজ শেষে বাসায় ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে মাথার ওপরে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকালে নগরের কোনাবাড়ী থানার পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম রবিউল ইসলাম (১৭)। সে কুষ্টিয়ার দৌলতপুর থানার বৈরাগীরচর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। সে পারিজাত এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। দগ্ধ তিনজন হলেন তালহা, নীরব ও হাবিবুর রহমান।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার বলেন, পারিজাত এলাকায় ঈদের নামাজ শেষে লোকজন বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে কিছু মানুষের ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ হয়েছেন তালহা, নীরব ও হাবিবুর রহমান নামের তিনজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মারা যাওয়া কিশোর লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।