
মেয়ের বিয়ে বুধবার। তাই আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন বাবা মো. ইউসুফ (৬২)। আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ করে আর বাড়ি ফিরতে পারেননি তিনি। সড়কেই ঝরে গেছে প্রাণ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ উপজেলার কোদালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম চাষী ফার্ম এলাকায় কাপ্তাই সড়কে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলের দিকে মো. ইউসুফ তাঁর ছেলে মো. হাসনাতকে (১২) নিয়ে কাপ্তাইয়ে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন। ফেরার পথে বিকেল ৫টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম চাষী ফার্ম এলাকায় পৌঁছালে সড়কে একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে বাবা-ছেলে ও অটোরিকশাচালক মো. বাচা মিয়া (৪৩) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে ইউসুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের চিকিৎসক বিলিয়ম এ সাংমা বলেন, হাসপাতালে আনার আগে ইউসুফ মারা যায়। হাসনাত পায়ে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। গুরুতর হওয়ায় অটোরিকশাচালক বাচা মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. মাহবুব মিলকী বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করলে অনুমতি দেওয়া হয়।