
রাজশাহীতে ‘ঘুষ’-এর ১০ লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক আশিকুজ্জামান এ আদেশ দেন।
গ্রেপ্তার মহিবুল ইসলাম ভুঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩-এর উপ-কর কমিশনার। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করার পর তাঁকে সরাসরি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার বেলা ১১টার দিকে তাঁকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিচারক জামিন নামঞ্জুর করেছেন। তিনি বলেন, এজাহারের বাইরে তাঁর কাছে কোনো তথ্য নেই। এখন সব নিউজ পোর্টাল দেখবেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। আসামির তদবিরকারকের সঙ্গে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন যে এই আদালতেই আবার জামিন আবেদন করবেন, নাকি উচ্চ আদালতে যাবেন।
গতকাল ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কর্যালয় ও বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে সাদাপোশাকে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় মহিবুল ইসলাম চিৎকার করলে দুদক কর্মকর্তারা তাঁর কার্যালয়ের দরজা বন্ধ করে দেন। তখন কর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুদক কর্মকর্তাদের ওপরে হামলা চালান।
দুদক কর্মকর্তারা দাবি করেছেন, এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে তাঁদের চার-পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন। এতে মহিবুল ইসলাম ভুঁইয়াও আহত হয়েছেন। তবে মহিবুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তাঁকে দুদক কর্মকর্তারা মারধর করেছেন। তাঁর টেবিলে রাখা টাকা তিনি ছুঁয়েও দেখেননি। কিন্তু দুদক কর্মকর্তারা তাঁর ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করেছেন।
দুদক বলছে, নগরের মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ফাতেমা সিদ্দিকার পাঁচ বছরের ব্যাংকে লেনদেনের বিষয়ে ওই কর কমিশনার আপত্তি তোলেন। বিষয়টি নিষ্পত্তি করতে গেলে ওই কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া তাঁর কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তা ৫০ লাখ টাকায় দফা হয়। বিষয়টি জানিয়ে ফাতেমা সিদ্দিকা গত ২৯ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ করেন। এই অভিযোগ নিয়ে দুদক রাজশাহী জেলা ও বিভাগীয় কার্যালয়ে যৌথভাবে কাজ করছিল। ফাতেমা সিদ্দিকা তাঁর ৫০ লাখ টাকা চুক্তির অংশ হিসেবে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দিতে গিয়েছিলেন। এ সময় দুদকের পক্ষ থেকে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়।