
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থীর দাবি তুলেছেন দলের স্থানীয় নেতারা। আজ সোমবার মহান মে দিবসের আলোচনা সভায় দলীয় মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা এ দাবি তুলে ঘোষণা দেন, তাঁরা আওয়ামী লীগের যেকোনো নেতাকে নৌকা প্রতীক দিলে মেনে নেবেন।
আলোচনা সভায় সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানবীর হোসেন এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন।
এর আগে মহান মে দিবস উপলক্ষে উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা সদরে শোভাযাত্রা বের হয়। পরে সংগঠনের উপজেলা শাখার সভাপতি শেখ আবুল কালামের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা হয়।
সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী হয়েছিলেন। পরে তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে তাঁরা সবাই এক জোট হয়ে আবদুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করেন।
সভায় রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘অতীতে আমরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলের প্রার্থীদের সংসদ সদস্য নির্বাচিত করেছি। এবার আমরা আমাদের নৌকা প্রতীকের প্রার্থী চাই। এখানে নৌকা প্রতীকের সংসদ সদস্য না থাকায় দেশের অন্যান্য স্থানের মতো উন্নয়ন হয়নি। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছি। এবার আমরা এখানে নৌকা প্রতীক চাই। এখানে এবার দলের যাঁকেই নৌকা প্রতীক দেওয়া হবে, আমরা তাঁর পক্ষেই কাজ করে বিজয়ী করতে চাই। আমরা এবার লাঙ্গল কিংবা কলার ছড়া চাই না। আমরা চাই নৌকা। এর বাইরে কাউকে চাই না।’
একই দাবি তোলেন উপস্থিত অন্য নেতারাও। এই আসনে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কলার ছড়া প্রতীক নিয়ে বিএনপির দলছুট স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার বিজয়ী হন।
স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে বিতর্কিত তাহের উদ্দিন ঠাকুর নৌকা প্রতীক নিয়ে ভাষাসংগ্রামী অলি আহাদকে (বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার বাবা) পরাজিত করে জয়লাভ করেছিলেন। এরপর একটি উপনির্বাচনসহ ১২টি নির্বাচনে চারবার নৌকা প্রতীকের প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। এখানে পাঁচবার ধানের শীষ, তিনবার লাঙ্গল প্রতীকের প্রার্থী এবং দুবার স্বতন্ত্র (একটি উপনির্বাচনসহ) জয়লাভ করেছেন। স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, যেসব কারণে ’৭৩ সালের পর এ আসনটিতে নৌকা প্রতীকের জয় আসেনি, সেগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে দলীয় কোন্দল।
সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী হয়েছিলেন। পরে তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরে তাঁরা সবাই কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঙ্গে এক জোট হয়ে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করেন। আবদুস সাত্তার ভূঁইয়া অনেকটা প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে জয় লাভ করেন। তিনি এখন এখানে ‘আওয়ামী লীগের নেতা’র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
সাত্তারের নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা, আগামী নির্বাচনেও এখানে সাত্তারকে প্রার্থী করা হতে পারে। সারা জীবন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সাত্তারকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা মেনে নিতে পারছেন না।