হাতিয়ায় মালবাহী ট্রলারডুবি, ৮ মাঝিমাল্লা জীবিত উদ্ধার

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ‘এম বি মোহছেন আউলিয়া’ নামের একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা একটি লাইটার জাহাজের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারে থাকা ৮ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারটি চট্টগ্রাম থেকে পণ্যবোঝাই করে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে যাচ্ছিল।

উদ্ধার হওয়া জেলেদের বৃহস্পতিবার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের মালিক মো. আলী বলেন, বুধবার রাত আটটার দিকে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মুদি, হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে রওনা করে এম বি মোহছেন আউলিয়া নামের একটি ট্রলার। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় ট্রলার চালাতে অনেকটা বেগ পেতে হয় মাঝিকে। বেলা সাড়ে তিনটার দিকে ট্রলারটি হাতিয়ার ভাসানচরসংলগ্ন পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে পৌঁছালে বৈরী আবহাওয়ায় সৃষ্ট প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে।

উপর্যুপরি ঝড়ের আঘাতে ট্রলারের নিচের অংশ ফেটে গিয়ে মালামাল, মাঝিমাল্লাসহ ট্রলারটি সাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি লাইটার জাহাজের সহযোগিতায় ডুবন্ত ট্রলার থেকে ৮ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১১টায় ডুবন্ত ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারমালিকের পক্ষ থেকে মো. জিহাদ উদ্দিন নামের একজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।