খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির নাম চাঁন (২)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোলাম রসুলের ছেলে।
খুলনা মেডিকেলের শিশু বিভাগের প্রধান সৈয়েদা রুখশানা পারভীন জানান, শনিবার বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। হামের উপসর্গ নিয়ে আসা শিশুটি মারাত্মক অপুষ্টিতে ভুগছিল এবং মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল। বয়স অনুযায়ী শিশুটির বেশ কয়েকটি টিকা নেওয়ার কথা থাকলেও জানা যায়, তাকে কোনো টিকাই দেওয়া হয়নি। হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা শুরু করা হলেও বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের ভর্তি রেজিস্টার সূত্রে জানা গেছে, এর আগে ৯ এপ্রিল ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে আসা শিশু শামীমও (১০ মাস) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।