
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাশ হত্যা মামলার প্রধান আসামি মো. বাদশাহ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গত শনিবার ভোরে বাদশাহর গ্রামের লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাদশাহ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় এলাকার মৃত কামালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুন ব্যবসায়ী দুলাল চন্দ্র দাশ হত্যাকাণ্ডের পর থেকে বাদশাহ পলাতক ছিলেন। গত শনিবার রাতের দিকে বাড়িতে আসেন তিনি। বিষয়টি টের পেয়ে যান গ্রামের লোকজন। ভোরের দিকে বাদশাহ বাড়ি থেকে বের হলে গ্রামবাসী পিটুনি দিয়ে তাঁকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাহকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহর মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, মো. বাদশাহ আহত অবস্থায় পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১০টার দিকে হঠাৎ তাঁর অবস্থার অবনতি ঘটে। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
১০ জুন সকালে রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাশের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আবদুর রব আদালতে স্বীকারোক্তি দেন, প্রতিবেশীর পুকুর থেকে তিনি আর বাদশাহ মাছ চুরি করেছিলেন। দুলাল ঘটনাটি দেখে পুকুরের মালিককে বলে দেওয়ায় তাঁরা দুলালকে হত্যা করেন।